
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে ভুক্তভোগী নারী দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ছাতকের উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অভিযোগ রয়েছে, চালক সাইদুর রহমান তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের আলমনগর গ্রামের একটি বাড়িতে নিয়ে যান। সেখানে চালক ও তার সহযোগীরা তাকে আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।
এ ঘটনায় বুধবার (১৫ জুলাই) সকালে ভুক্তভোগী নারী বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্তরা হলেন—হায়াতেরগাঁও গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে গয়াছ মিয়া গেদা (৪৪), সাইদুর রহমান, আশিক মিয়া এবং আমির আলী।
পুলিশ জানায়, অভিযান চালিয়ে প্রধান আসামি গয়াছ মিয়া গেদাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনার পরপরই মামলা গ্রহণ করা হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে যাচ্ছে।
দ্রষ্টব্য: এটি একটি চলমান তদন্তাধীন মামলা। আদালতের চূড়ান্ত রায়ের আগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনো বিচারাধীন।