
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
মৌলভীবাজারের মনু নদী এবং হবিগঞ্জের খোয়াই নদীর পানি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দ্রুত বৃদ্ধি পেয়ে সতর্কসীমা স্পর্শ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (১৫ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি–সংক্রান্ত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মনু, ধলাই ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এসব নদীর পানি আরও দ্রুত বাড়তে পারে। এর ফলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী দুই দিনে নদীগুলোর পানি কমতে শুরু করতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসে নদ-নদীর পানির প্রবাহে নতুন পরিবর্তন দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে, উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি গত ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।
বর্তমানে দেশের তিনটি নদীর তিনটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে রয়েছে গাইবান্ধার তারাপুরে তিস্তা নদী, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদী এবং নেত্রকোণার কলমাকান্দায় সোমেশ্বরী নদী।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনকে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।