
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৬
সিলেটি চ্যানেল ডেস্ক
সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করা আব্দুল্লাহ আল মামুনকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দেওয়া গ্রামের কৃতি সন্তান। তিনি গোলাম মাওলা চৌধুরীর ছেলে। প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন এবং দক্ষতা ও সততার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে সুনাম অর্জন করেছেন।
নিজ বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সিলেটের দায়িত্ব পাওয়ায় ধর্মপাশাসহ সুনামগঞ্জের বিভিন্ন মহলে আনন্দ ও সন্তোষ প্রকাশ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, তার অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বে সিলেট জেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
এদিকে, প্রশাসনিক মহলেও নতুন জেলা প্রশাসকের নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, জনসেবা নিশ্চিতকরণ এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিনি শিগগিরই সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।