
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মিত্রমহল মাঝপাড়া গ্রামের বারেন্দ্র দাশের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।

ছবি সংগৃহীত
স্থানীয়দের ধারণা, বাড়ির গো-খাদ্য (খড়ের) ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বসত ঘরে।
আগুন লাগার পরপরই প্রতিবেশী ও আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বসত ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় নগদ টাকাসহ প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
উল্লেখ্য, এর আগেও গত ১৫ জানুয়ারি একই উপজেলার বিকাশ চন্দ্র দেবের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে।