
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৬ |
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা গিয়াস উদ্দিন তাহেরির গণসংযোগে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলার দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ইসলামিক ফ্রন্ট ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। পরিস্থিতি বেগতিক হওয়ায় গিয়াস উদ্দিন তাহেরি গণসংযোগ না করেই ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ইসলামিক ফ্রন্ট মনোনীত প্রার্থী (মোমবাতি প্রতীক) গিয়াস উদ্দিন তাহেরি দেওলগাঁও গ্রামে গণসংযোগে গেলে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বাধা দেন।

ছবি সংগৃহীত
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এস. এম. ফয়সলের সমর্থকরাও উত্তেজিত হয়ে পড়েন।
এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে গিয়াস উদ্দিন তাহেরি গণসংযোগ স্থগিত করে এলাকা ত্যাগ করেন।
এ বিষয়ে গিয়াস উদ্দিন তাহেরি বলেন,
গণসংযোগকালে বাধার সম্মুখীন হয়েছি। বিএনপি নেতারা আমার গাড়িবহর আটকে রাখেন। পরিস্থিতি বেগতিক হওয়ায় ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়েছি।
অন্যদিকে অভিযোগ প্রসঙ্গে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ বলেন,
“তাহেরি হুজুর গণসংযোগে এলে নেতা-কর্মীদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি হয়। পরে বিষয়টি সমাধান করা হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান,
বিষয়টি শুনেছি। এ নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”