
সিলেটি চ্যানেল ডেস্ক | ০১ জানুয়ারি ২০২৬
সিলেট নগরের ব্যস্ত জিন্দাবাজার এলাকায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে শিক্ষার্থীদের জন্য আনা নতুন পাঠ্যবইভর্তি একটি ট্রাক উল্টে গেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অল্পের জন্য বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রাকটি স্কুলের গেটের সামনে প্রবেশের সময় হঠাৎ করে পাশের ড্রেনের একটি স্ল্যাব ভেঙে পড়ে।
এতে ট্রাকটির পেছনের চাকা নিচে ঢুকে গেলে গাড়িটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার সময় স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি থাকলেও সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি।
জানা গেছে, ট্রাকটিতে সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বছরের পাঠ্যবই আনা হচ্ছিল।
ট্রাকচালক নিজাম উদ্দিন জানান, তিনি ঢাকা থেকে অষ্টম শ্রেণির চারটি বিষয়ের বই নিয়ে সিলেটে এসেছেন। ট্রাকে প্রায় ১৬ টন বই বোঝাই ছিল।
স্কুল গেটের একেবারে সামনে এসে ড্রেনের দুর্বল স্ল্যাব ভেঙে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। এতে তার গাড়ির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। অভিভাবকদের অভিযোগ, স্কুলের সামনের ড্রেনের স্ল্যাবগুলো দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তাদের দাবি, এই অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
অভিভাবকরা আরও বলেন, স্কুলের সামনে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দ্রুত ড্রেনের স্ল্যাবগুলো সংস্কার করা জরুরি।
এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি সিটি করপোরেশনকে অবহিত করা হবে এবং দ্রুত ঝুঁকিপূর্ণ স্ল্যাবগুলো মেরামতের উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। দুর্ঘটনার পর বইগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজও শুরু করা হয়েছে।
ঘটনাটি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশের অবকাঠামোগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।