
সিলেটি চ্যানেল ডেস্ক | ৩১ ডিসেম্বর ২০২৫
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভেতরে ঢুকে এক পুলিশ কনস্টেবলকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে এক যুবক।
আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম। অভিযুক্ত যুবক বাহাদুর হোসেন বাদল (১৯)কে ঘটনার পরপরই আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু চরানোকে কেন্দ্র করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।
বাদল দীর্ঘদিন ধরে থানার সংরক্ষিত এলাকায় গরু নিয়ে প্রবেশ করে ঘাস খাওয়াতেন, এতে থানার ভেতরের বিভিন্ন ফল ও ফুলের গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।
এ কারণে তাকে আগেও একাধিকবার গরু নিয়ে প্রবেশ না করতে নিষেধ করা হয়।
তবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে আবারও কয়েকটি গরু নিয়ে থানা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করেন বাদল।
এ সময় দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে এলাকা ত্যাগ করতে বললে বাদল ক্ষিপ্ত হয়ে ওঠেন।
একপর্যায়ে তার হাতে থাকা ধারাল দা দিয়ে শরিফুল ইসলামের মাথায় আঘাত করেন।
পুলিশ কনস্টেবলের চিৎকারে থানার ভেতর থেকে অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাদলকে আটক করেন।
পরে আহত কনস্টেবলকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গুলজার আলম জানান, পুলিশের ওপর অতর্কিত হামলার ঘটনায় অভিযুক্ত বাদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।