
নিজস্ব প্রতিবেদক | সিলেট প্রকাশ: সিলেটি চ্যানেল ২৪
তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫ |
সিলেট নগরীর কানিশাইল এলাকা থেকে একসঙ্গে সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তারকৃতরা সবাই শিলং তীর জুয়া খেলায় জড়িত ছিলেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। পুলিশ জানায়, বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন কানিশাইল ০১ নম্বর রোডের মারুফ টি-স্টলের সামনে অভিযান চালিয়ে জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন
তাহের আহমদ (৩০), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার এলাকার রমিজ মিয়ার ছেলে; বর্তমানে কানিশাইলের রমিজ মিয়ার কলোনির বাসিন্দা।
শামীম আহমদ (২০), সুনামগঞ্জের বিশম্ভরপুর থানার পলাশ লতারগাঁও গ্রামের উসমান মিয়ার ছেলে; বর্তমানে কানিশাইলের সজিব মিয়ার কলোনিতে বসবাসরত।
স্বপন মিয়া (৫৫), ধর্মপাশা থানার দৈরশ্রী বাখরপুর এলাকার মৃত আব্দুল করিম তালুকদারের ছেলে; বর্তমানে কানিশাইলের ইমন মিয়ার কলোনির বাসিন্দা।
জসিম (৪৫), হবিগঞ্জের লাখাই থানার তেঘরিয়া বোল্লা এলাকার মৃত রঙ্গ মিয়ার ছেলে; বর্তমানে কোতোয়ালী থানার শামীমাবাদ এলাকার আমজাদ মিয়ার গ্যারেজ সংলগ্ন কলোনির বাসিন্দা।
আল আমিন (২৭), সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার জয়কলস এলাকার জামাল উদ্দিনের ছেলে; বর্তমানে নগরীর রোকেয়ার কলোনিতে বসবাসরত।
মো. বাদল (৩৮), বগুড়ার শিবগঞ্জ থানার ময়দানঘাট বাহাগুলপুর এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে; বর্তমানে কানিশাইলের বেলাল মিয়ার কলোনির বাসিন্দা।
সুজাত মিয়া (৩৫), ছাতক থানাধীন মন্ডলিভোগ এলাকার আবুল কালামের ছেলে; বর্তমানে কানিশাইলের হুমায়ুনের কলোনিতে বসবাস করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা (নং-৬৭৮/২৫) দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নগরীতে অবৈধ জুয়া ও অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।