
সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ |
১৭ বছরের অপেক্ষার অবসান ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে তুঙ্গে উৎসাহ-উদ্দীপনা
দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে সারাদেশের মতো সিলেটেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
দলীয় সূত্রে জানা গেছে, লন্ডন থেকে যাত্রা করা তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি বৃহস্পতিবার সকালে প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। তবে নিরাপত্তাজনিত কারণে সিলেটে বিমান থেকে নামবেন না তারেক রহমান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও বিমানবন্দর এলাকায় না যাওয়ার নির্দেশনা দিয়েছে বিএনপি।
সিলেটে প্রস্তুতি সভা, ঢাকায় বড় বহরের পরিকল্পনা
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় তারেক রহমানকে সংবর্ধনা জানাতে ঢাকায় বড় বহর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সিলেটের বিভিন্ন উপজেলা ও মহানগর এলাকার নেতাকর্মীরা দলে দলে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে সিলেট থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে অনেকে ঢাকায় পৌঁছেছেন, বাকিরা বুধবার রাতের মধ্যে রওনা দেবেন।
সংবর্ধনা অনুষ্ঠানের প্রস্তুতি
তারেক রহমান দেশে ফেরার পর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। এই কর্মসূচিকে ঘিরে সিলেটের ছয়টি আসনের মনোনয়নপ্রাপ্ত ও মনোনয়নপ্রত্যাশী নেতারাও ঢাকায় বড় ধরনের উপস্থিতি দেখাতে আগ্রহী।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে শুধু বিএনপি নয়, সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সিলেট হয়ে তার আগমন এই অঞ্চলের মানুষের আবেগকে আরও বাড়িয়ে দিয়েছে। সিলেট মহানগর ও সদর উপজেলা থেকেই প্রায় ৫০ হাজার মানুষের ঢাকায় যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, জেলা বিএনপি থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এ লক্ষ্যে একটি বড় বহর নিয়ে বুধবার রাতে রওনা দেওয়ার প্রস্তুতি রয়েছে। পাশাপাশি সিলেট থেকে ঢাকাগামী ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযুক্ত করার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে তিনি জানান।
পরিবহন সংকট, টিকিট শেষ
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে সিলেটের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আলোচনা চলছে। ঢাকামুখী বাস ও অন্যান্য পরিবহনের টিকিট আগেই শেষ হয়ে গেছে। সাধারণ মানুষজনও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে ঢাকায় যেতে আগ্রহী।
ওসমানী বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা
তারেক রহমানকে বহনকারী ফ্লাইট সিলেটে অবতরণের কারণে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং বৃহস্পতিবার নিরাপত্তা আরও জোরদার থাকবে। ওইদিন বিমানবন্দর এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে।
ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। এ ক্ষেত্রেও সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।