সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন

মাহফিলে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, ছুরিকাঘাতে যুবক নিহত

পাবনা প্রতিনিধি

 

নিজস্ব প্রতিনিধি, পাবনা: সিলেটি চ্যানেল ১৭, ডিসেম্বর ২০২৫

পাবনায় একটি ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে জেলা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সুজন মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার পিপুলিয়া গ্রামের সাইফুল মোল্লার ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সোহান ইসলাম (২০) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোহান ইসলাম পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর গ্রামের শরিফ প্রামাণিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দারুল আমান ট্রাস্ট এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলকে ঘিরে আশপাশে দোকান বসানো নিয়ে সুজন ও সোহানের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাগবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সোহান ইসলাম ধারালো ছুরি দিয়ে সুজন মোল্লাকে আঘাত করেন।

আঘাতে গুরুতর আহত সুজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সোহান ইসলামকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি জোরদার করেছে।