বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ, ‘নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা’, মুন্নির মৃত্যুর ঘটনায় ৬ জনের নামে মামলা সিলেটের উন্নয়নের রূপকার এম. সাইফুর রহমান: স্মৃতিতে অমলিন, কর্মে চিরঞ্জীব,

সিলেটে তফসিল ঘোষণার পরও আচরণবিধি লঙ্ঘন, আগাম প্রচারে ব্যস্ত প্রার্থীরা

সিলেট প্রতিনিধি

 

সিলেট প্রতিনিধি | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই সিলেটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের আগেই তারা জনসংযোগ, উঠান বৈঠক, পথসভা ও লিফলেট বিতরণসহ নানা প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে আগামী ২২ জানুয়ারি, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই সিলেটের ছয়টি সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে পড়েন। তফসিল ঘোষণার পরও নির্ধারিত সময়সীমা উপেক্ষা করে তারা প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছেন।

নির্বাচনী আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে—ভোটগ্রহণের নির্ধারিত দিনের অন্তত তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করা যাবে না এবং ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব প্রচারণা বন্ধ রাখতে হবে। এরপরও বাস্তবে এর ব্যতিক্রম ঘটতে দেখা যাচ্ছে।

বিএনপি প্রার্থীদের গণসংযোগ ও পথসভা

শুক্রবার (১২ ডিসেম্বর) সিলেট-১ আসনের বিএনপি দলীয় প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট সদর উপজেলার মোগলগাঁও এলাকায় জুমার নামাজের পর গণসংযোগে অংশ নেন। পরে রাতে নগরের ২৭ নম্বর ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

গণসংযোগকালে খন্দকার মুক্তাদির বলেন, সিলেট সদর ও মহানগর এলাকায় ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। আগামী নির্বাচনে বিজয়ের মধ্য দিয়েই এর প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারার আহ্বান জানান।

অন্যদিকে, সিলেট-৪ আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারপার্সনের আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরী শুক্রবার গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়ন ও কোয়ার বাজার এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তার মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণসংযোগে আরিফুল হক চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের সমর্থনে নির্বাচিত হলে অল্প সময়ের মধ্যেই পরিবর্তনের দৃশ্যমান ফল পাওয়া যাবে।

এছাড়া শুক্রবার দুপুরে নগরের দর্শন দেউড়ি এলাকায় খন্দকার মুক্তাদিরের পক্ষে লিফলেট বিতরণ করতে দেখা যায় মহানগর বিএনপির নেতাকর্মীদের।

প্রশাসনের অবস্থান

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন,
২০ জানুয়ারির আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালানো সম্পূর্ণ অবৈধ। যারা আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তৎপর রয়েছেন এবং যেকোনো অনিয়মের তথ্য পেলে প্রশাসনকে জানানোর আহ্বান জানান।