
সিলেটি চ্যানেল ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৫।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, স্বাস্থ্য খাতের প্রায় সব সূচকে সিলেট এখনও পিছিয়ে রয়েছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুসহ বিভিন্ন সূচকে এ অঞ্চলের অবস্থান উদ্বেগজনক। অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও স্বাস্থ্যসেবার মান ও প্রাপ্যতা এখনো সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী নয়।

শনিবার (১৩ ডিসেম্বর) সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিলেট সদর ও মহানগরের গণমানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে কাজ করার সুযোগ পেলে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
খন্দকার মুক্তাদির বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রসূতি মা ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা কার্ড চালু করা হবে, যাতে তারা সহজে ও কম খরচে চিকিৎসা সেবা পেতে পারেন। পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চিকিৎসা খাতে বরাদ্দ বাড়ানো হবে এবং এ খাতকে দুর্নীতিমুক্ত রাখতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দেশের সামগ্রিক অর্থনীতি ও কর্মসংস্থান প্রসঙ্গে বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রতিবছর বিপুলসংখ্যক তরুণ কর্মক্ষম বয়সে প্রবেশ করছে। তাদের কর্মক্ষেত্রে যুক্ত না করা গেলে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে। স্বাধীনতার সময় বাংলাদেশসহ কয়েকটি দেশ একই অবস্থান থেকে যাত্রা শুরু করলেও কোরিয়া ও সিঙ্গাপুরের মতো দেশ উন্নতির শিখরে পৌঁছেছে। জনঘনত্ব বেশি হওয়ায় বাংলাদেশের ভুল করার সুযোগ কম; ভুল সিদ্ধান্ত নিলে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিতে পারে।
প্রফেসর ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং মাউন্ট এডোরা হসপিটাল আখালিয়ার উপপরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর ডা. নজরুল ইসলাম, ডা. সৈয়দ মাহমুদ হাসান, ডা. রায়হান, ডা. মাহমুদুল হাসান, এ বি এম জর্জেসুর রহমান, মো. কামরুল ইসলাম ও মো. শফিকুল ইসলামসহ অন্যান্যরা।
এদিন তিনি চন্ডিপুলস্থ কুশিয়ারা কনভেনশন হলে সিলেট প্রেসক্লাবের ফ্যামিলি ডে অনুষ্ঠানে যোগ দেন। পরে বিকেলে ৬ নম্বর ওয়ার্ডে মহিলা সমাবেশে অংশ নেন এবং সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। রাতে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরি পাড়া এলাকার ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে টুকেরবাজার তেমুখীতে কেরাত সম্মেলনে যোগ দেন।
সিলেটের আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।