
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৯ | সিলেটি চ্যানেল ডেস্ক
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে মোবাইল ফোনে গালিগালাজ ও অশালীন মন্তব্য করার অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জেলা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে তাকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাহুবল থানার ওসিকে উদ্দেশ্য করে ফেরদৌস চৌধুরী তুষারের আপত্তিকর ভাষায় গালিগালাজ করার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটি মুহূর্তেই ভাইরাল হলে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে।
জানা গেছে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মখলিছুর রহমানের সঙ্গে ওসির ফোনালাপ চলাকালে উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে আপত্তিকর মন্তব্য করেন—এমন অভিযোগ ওঠে।
এ বিষয়ে Bahubal Model Police Station-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “উপজেলা বিএনপির সভাপতির একটি কল আমি রিসিভ করতে পারিনি। পরে তিনি মখলিছ সাহেবের ফোন থেকে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন—বাহুবলে ওসিগিরি করতে হলে তাকে জিজ্ঞেস করে করতে হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার আগে দাবি করেছিলেন, তিনি সরাসরি কল দিয়েছেন—এমন প্রমাণ দেখাতে পারবেন না।

ছবি সংগৃহীত
পাশাপাশি তিনি বর্তমান ওসির বিরুদ্ধে মাদক ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে তদন্তের দাবি জানান এবং ওসির প্রত্যাহার চান।
ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।