
সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬,
আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আসন্ন বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দীর্ঘ আলোচনা ও পুনর্বিবেচনার সময়সীমা শেষে শনিবার (২৪ জানুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর করে আইসিসি।

ছবির সংগৃহীত
আইসিসি সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি সংস্থাটির পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল—বিশ্বকাপ আয়োজক দেশ ভারতে গিয়ে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তা ও অন্যান্য বিবেচনায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকায় বিষয়টি জটিল আকার ধারণ করে। আইসিসি বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অতিরিক্ত ২৪ ঘণ্টা সময় দিলেও নির্ধারিত সময়ের মধ্যে অবস্থান পরিবর্তন করেনি বিসিবি।
এরই পরিপ্রেক্ষিতে আইসিসি বোর্ড সভায় সর্বসম্মতভাবে বাংলাদেশকে বিশ্বকাপের অংশগ্রহণকারী দলগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। শনিবার আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ক্রিকেটবিষয়ক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
বাংলাদেশকে বাদ দেওয়ার ফলে বিশ্বকাপের দলসংখ্যা ও সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্রিকেট বিশ্বে ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে।