শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে তরুণীকে হত্যা: প্রাক্তন স্বামী ও তার বন্ধুর মৃত্যুদণ্ড তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন, জুড়ীতে পানিতে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে টমটম, চালক নিখোঁজ শ্রীমঙ্গলে ২১ বোতল ভারতীয় মদসহ ৩ জন গ্রেপ্তার জৈন্তাপুরে লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের চাপায় চালকের মৃত্যু সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক বললেন, ‘মহিলাদের ভাল্লাগে না’ সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে হাঁটানোর অভিযোগ, জড়িতদের নিয়ে প্রশ্ন সিলেটে চিকিৎসক প্রান্তের মৃত্যু: নতুন বাসায় ওঠার পরদিনই মৃত্যু, উঠছে নানা প্রশ্ন কুলাউড়ায় স্ত্রী-সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার শওকত, থানায় অভিযোগ,

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়,

সিলেটি চ্যানেল ডেস্ক

প্রকাশিত: ১৭ জুন ২০২৬ | সিলেটি চ্যানেল ডেস্ক

মৌলভীবাজার সফরের শেষ পর্যায়ে জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সন্ধ্যায় শ্রীমঙ্গল রোডের গিয়াসনগরের নিতেশ্বরে অবস্থিত এম সাইফুর রহমান কনভেনশন হলে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় তারেক রহমান দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত দলকে সুসংগঠিত ও কার্যকর করে তুলতে হবে। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রেখে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতাদের সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়। স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সংসদ সদস্য এম নাসের রহমান এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জেলার রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে বুধবার সকালে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছান। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যান। সেখানে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তিনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

পরে বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে সারাদেশে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বক্তব্য রাখেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলার রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং অসুস্থ সাবেক সংসদ সদস্য খালেদা রব্বানীর বাসভবনে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সন্ধ্যায় এম সাইফুর রহমান কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে তারেক রহমান সড়কপথে সিলেটের উদ্দেশ্যে রওনা হন। পরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে দিনভর জেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন এবং জেলার সাংগঠনিক কার্যক্রমে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেন।