
প্রকাশিত: ৯ মার্চ ২০২৬ | ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মস্থলে যাওয়ার পথে এক নারীকে প্রাইভেটকারে তুলে জোরপূর্বক অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত একজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ এবং তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

ছবি সংগৃহীত
গত রবিবার (৮ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও এলাকার বটতলা বাজারে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একটি প্রাইভেটকারে থাকা কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে।
তবে স্থানীয়দের উপস্থিতি ও পরিস্থিতির কারণে অপহরণের চেষ্টা ব্যর্থ হয় বলে জানা গেছে।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন যুবকের নাম জাহাঙ্গীর।
তার বাবার নাম লাল মিয়া। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের খাসগাঁও (সুরিখাল) গ্রামে।
স্থানীয়দের দাবি, এর আগেও তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। কিছুদিন আগে একটি সিএনজি অটোরিকশা চুরির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে গণপিটুনিরশি কার হয়েছিল বলেও জানা গেছে।
ভুক্তভোগী নারীর নাম ফাতেমা পারভেজ নিশি। তিনি পার্শ্ববর্তী শ্রীমঙ্গল উপজেলার একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। ঘটনার পর নিজের নিরাপত্তা চেয়ে তিনি কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে প্রকাশ্যে এমন অপহরণের চেষ্টার ঘটনায় ওই এলাকায় কর্মজীবী নারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।