মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে,

সিলেটি চ্যানেল স্পোর্টস
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

 

 স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসরের শিরোপা জয়ের আনন্দ সরাসরি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে বিপিএলের ট্রফি নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে এসেছে চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স। ছাদখোলা বাসে শান্ত–মুশফিকদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

গত শুক্রবার বিপিএলের পর্দা নামে। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে পদ্মাপাড়ের দল রাজশাহী ওয়ারিয়র্স। শিরোপা জয়ের পর মাঠ থেকে শুরু করে হোটেল পর্যন্ত উদযাপনের দৃশ্য ছিল চোখে পড়ার মতো। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ছাদখোলা বাসে ট্রফিসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে দলটি।

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজশাহী ওয়ারিয়র্সের দলটি বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে ক্যাম্পাসে ঢুকে প্যারিস রোড ও জোহা চত্বর প্রদক্ষিণ করে মেইন গেট দিয়ে বের হয়ে যায়। এ সময় বাসের সামনে ও পেছনে শিক্ষার্থীদের ঢল নামে। প্রিয় ক্রিকেটারদের এক নজর দেখতে ক্যাম্পাসজুড়ে ছুটে আসেন শত শত শিক্ষার্থী।

অনেক শিক্ষার্থী নিজেদের টি-শার্ট ছুড়ে দেন ছাদখোলা বাসের দিকে, যেখানে শান্ত, মুশফিক ও তামিমসহ খেলোয়াড়রা অটোগ্রাফ দেন। একই সঙ্গে খেলোয়াড়দের জার্সি বাস থেকে ছুড়ে দিতে দেখা যায়, যা সংগ্রহ করতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় আনন্দঘন উচ্ছ্বাস। পুরো পরিবেশটি রূপ নেয় এক প্রাণবন্ত ক্রিকেটীয় উৎসবে।
উদযাপনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, ‘রাজশাহী চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য গর্বের। প্রিয় খেলোয়াড়দের সামনে থেকে দেখতে পারছি এটাই অনেক বড় পাওয়া। এই প্রথম ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি উদযাপন দেখছি।’

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষার্থীরাও সংবর্ধনায় অংশ নেয়। তারা জানায়, দ্বিতীয়বার বিপিএলের শিরোপা জেতায় রাজশাহীর জয় তাদের জন্য আনন্দের এবং জাতীয় দলের ক্রিকেটারদের সামনে থেকে দেখতে পারাটা স্মরণীয় অভিজ্ঞতা।

খেলোয়াড়দের কাছ থেকে জার্সি পাওয়া শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, ‘জার্সি পেয়ে আমি ভীষণ আনন্দিত। আমি রাজশাহীর লোকাল না হলেও রাজশাহীর জয় আমাকে খুব আনন্দ দিয়েছে। প্রথমবার ছাদখোলা বাসে এমন উদযাপন দেখলাম।’

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগে ২০১৯–২০ মৌসুমে প্রথমবার বিপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।