
সিলেটি চ্যানেল ডেস্ক | ২৪ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার–৩ আসনে ১০ দলীয় জোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সামনে থেকে গণসংযোগ কর্মসূচি শুরু হয়।

ছবি সংগৃহীত
পরে চৌমুহনা, এম সাইফুর রহমান সড়ক (সাবেক সেন্ট্রাল রোড), কুসুমবাগ, সিলেট সড়ক, শ্রীমঙ্গল সড়ক ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে শাহ মোস্তফা সড়কে অবস্থিত খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
গণসংযোগ চলাকালে ১০ দলীয় জোটভুক্ত বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফর রহমান কামালী আনুষ্ঠানিকভাবে তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। তিনি নিজেও গণসংযোগে অংশ নিয়ে নেতাকর্মীদের সঙ্গে নেতৃত্ব দেন।
গণসংযোগে সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় রাস্তার দুই পাশের ব্যবসায়ী, রিকশাচালক, ভ্যানচালক, যানবাহন চালক ও পথচারীদের মাঝে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করা হয়। আহমদ বিলাল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দেয়ালঘড়ি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে আহমদ বিলাল বলেন, “১০ দলীয় জোটের সব শরিক দল শতভাগ ঐক্যবদ্ধভাবে আমাদের পক্ষে মাঠে কাজ করছে। জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ জোটের প্রতিটি সংগঠনের নেতাকর্মীরা জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করবেন বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, মনু নদীর সংস্কার এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে মৌলভীবাজার হয়ে শেরপুর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া মৌলভীবাজার–কুলাউড়া–জুড়ি–বড়লেখা সড়ক ও মৌলভীবাজার–ফেঞ্চুগঞ্জ–সিলেট সড়ক চার লেনে রূপান্তর, গ্রামীণ সড়ক পাকাকরণ এবং সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমদ বিলাল বলেন, মানুষের চাহিদা ও প্রত্যাশাকেই উন্নয়ন পরিকল্পনার মূল ভিত্তি হিসেবে নেওয়া হবে। নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেয়ালঘড়ি প্রতীকের পক্ষে কাজ করতে হবে।”
গণসংযোগ কর্মসূচিকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে এবং সাধারণ মানুষের আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়।