মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

সিলেটে বিনা খরচে গণবিয়ে, ১২৬ তরুণ-তরুণীর নতুন জীবনের সূচনা

সিলেটি চ্যানেল ডেস্ক

 

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬,  সিলেটি চ্যানেল ডেস্ক

সিলেটে বিনা খরচে ১২৬ জন তরুণ-তরুণীর গণবিয়ে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নগরীর একটি কনভেনশন হলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে এ গণবিয়ে অনুষ্ঠিত হয়।

আর্থিকভাবে অসচ্ছল ও এতিম ১২৬ জন তরুণ-তরুণী, যারা অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ের পিঁড়িতে বসতে পারেননি, তাদের জন্যই এই আয়োজন করা হয়।

এ গণবিয়ের মাধ্যমে মোট ৬৩টি নবদম্পতির নতুন জীবনের সূচনা হয়।

আয়োজনে ছিল স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অব ব্লেসিংস এবং যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন সিডস অব সাদাকাহ। সংগঠনটির অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে এই গণবিয়ে সম্পন্ন করা হয়।

নবদম্পতিদের নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ৭৭ প্রকার গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়। আয়োজকরা জানান, নতুন জীবনের শুরুটা সহজ করতেই এ সহায়তা প্রদান করা হয়েছে।

সিডস অব সাদাকাহ’র সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জন্য আনন্দ এবং স্বনির্ভরতার পথ তৈরি করাই তাদের লক্ষ্য। এ আয়োজন তারই একটি বাস্তব উদাহরণ।

আয়োজক ডা. ওরকাতুল জান্নাত বলেন, এ ধরনের উদ্যোগ শুধু বিয়ের আয়োজন নয়, বরং নতুন জীবনের প্রতি আত্মবিশ্বাস ও আশার আলো জাগিয়ে তোলে।

ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে আয়োজকদের ধন্যবাদ জানান।