সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬
হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের কবলে পড়ে সিএনজি অটোরিকশা উল্টে এক চালকের মৃত্যু হয়েছে।
নিহত ছায়েদ আলী (৩৭) উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা।

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার জারুলিয়া-ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার মধ্যরাত থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল।
প্রতিদিনের মতো জীবিকার তাগিদে সিএনজি নিয়ে বের হন চালক ছায়েদ আলী। বিকেলের দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা বাড়লে তার সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।
পরে হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ঝড়ের কারণে সিএনজি উল্টে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।