সিলেটটুডে ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬,
নোয়াখালীর হাতিয়ায় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষের ঘটনায় বিটিভির এক প্রতিবেদকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাইরে এসব ঘটনার খবর পাওয়া যায়।
চরঈম্বর বাংলা বাজার কেন্দ্রে পরিদর্শন শেষে ফেরার পথে হান্নান মাসুদের গাড়িবহরে থাকা বিটিভির প্রতিবেদক মিরাজ উদ্দিনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে থাকা সাকিব নামের এক মোটরসাইকেল চালকও আহত হন।
এছাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ওচখালী বাজার কেন্দ্রেও হামলার ঘটনা ঘটে। সেখানে হান্নান মাসুদের সমর্থক আব্দুল কাদের ও তার ছেলে মো. ফয়সাল আহত হন। আব্দুল কাদের অভিযোগ করেন, হামলাকারীরা বিএনপির প্রার্থী মাহবুবের শামীমের সমর্থক।
বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও সহিংসতার খবর পাওয়া গেছে।
[caption id="attachment_1556" align="aligncenter" width="300"]
ছবি সংগৃহীত[/caption]
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মানছুর উদ্দিন জানান, সকাল থেকে প্রায় ৩০ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে ভর্তি রাখা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
হাসপাতালে ভর্তি কর্মী-সমর্থকদের দেখতে যান হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। তিনি আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। পরে এ বিষয়ে এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে জানান তিনি।
হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছুল তিব্রিজ দাবি করেন, বিভিন্ন কেন্দ্রে তাদের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে এবং হামলার শিকার হতে হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, কয়েকটি স্থানে হামলার খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।