সিলেটি চ্যানেল ডেস্ক প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নঈমুল হক চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
[caption id="attachment_1383" align="alignleft" width="150"]
ছবি সংগৃহীত[/caption]
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুনশী আব্দুল মজিদ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর শফিউল আলম জানান, দুপুরে নঈমুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নাকচ করেন।
নঈমুল হক চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্বে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় তিনি চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি।
ওই মামলার প্রধান আসামি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী এখনো পলাতক রয়েছেন। এর আগে একই মামলায় আরও আটজন কর্মকর্তা-কর্মচারীকে কারাগারে পাঠানো হয়।
দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আইন ও বিধি লঙ্ঘন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে সিন্ডিকেট ও ইউজিসির অনুমোদন ছাড়াই শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। এতে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।