সিলেটি চ্যানেল ডেস্ক
প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বহর গ্রামে প্রয়াত স্কুলশিক্ষক বীরেন্দ্র দেব (ঝুনু মাস্টার)-এর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে সংঘটিত এই অগ্নিকাণ্ডে বাড়ির বসতঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন লাগার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা গুজবও ছড়াতে থাকে।
কেউ কেউ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিংবা ধর্মীয় পরিচয়ের কারণে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেন। তবে সরেজমিনে অনুসন্ধান ও সংশ্লিষ্টদের বক্তব্যে এসব অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অগ্নিকাণ্ডটি মূলত দুর্ঘটনাজনিত।
বীরেন্দ্র দেবের চার ছেলে বর্তমানে ওই বাড়িতে বসবাস করেন। তাঁর বড় ছেলে বিকাশ চন্দ্র দেব, যিনি নিজেও স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক, আগুন লাগার বিষয়ে বলেন—বাড়ির পাশে থাকা খড়ের ঘর (গো-খাদ্যের ঘর) থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, খড়ের ঘরটি বসতঘরের সঙ্গে সংযুক্ত ছিল। দুপুরের দিকে তাঁর স্ত্রী টিউবওয়েলে পানি আনতে গিয়ে প্রথমে খড়ের ঘরে আগুন দেখতে পান।
মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বসতঘরে। দাহ্য খড় ও কাঠের কারণে আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
বিকাশ দেব আরও বলেন, “আমাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও বিরুদ্ধে অভিযোগও নেই। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এলাকার মানুষজন দ্রুত এগিয়ে না এলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতো।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার নব কুমার সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খড়ের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, আগুনের উৎপত্তিস্থল খড়ের ঘর থেকেই।
এদিকে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
ঘটনার পর এলাকায় স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।