
সিলেটি চ্যানেল ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর)।
এ নির্বাচনে প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে টিপসই দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, খালেদা জিয়া আসন্ন নির্বাচনে মোট তিনটি সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আসনগুলো হলো— বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১।
এর মধ্যে দিনাজপুর-৩ আসনে রোববার রিটার্নিং অফিসারের কার্যালয়ে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এছাড়া খালেদা জিয়ার পক্ষে বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম মনোনয়নপত্র জমা দেবেন।
ফেনী-১ আসনে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু।
অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়া-৬ আসনে জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রধান নির্বাচন সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম মনোনয়নপত্র জমা দেবেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।