
সিলেটি চ্যানেল ডেস্ক আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ | সময় : ২২:৫০
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক শীর্ষ নেতাকে গুলির ঘটনায় অন্যতম সন্দেহভাজন তনিমা ওরফে তন্বীকে আটক করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার বেলা পৌনে ১২টার দিকে খুলনা নগরীতে দুর্বৃত্তরা এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে। তদন্তের এক পর্যায়ে গুলির ঘটনায় জড়িত থাকার সন্দেহে তনিমা ওরফে তন্বীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।