প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৫ | সময় : রাত ১০:৩
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি জানাতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বখস চৌধুরীর পদত্যাগ দাবি করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে শাহবাগ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা শেষে শাহবাগে সমাবেশ শুরু হয়।
সমাবেশ চলাকালে শাহবাগ এলাকার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমরা সবাই হাদি হব’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। বিকেলে শাহবাগের সড়কেই আসরের নামাজ আদায় করেন তারা।
সমাবেশের সমাপনী বক্তব্যে আবদুল্লাহ আল জাবের বলেন,
আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীকে জনতার সামনে এসে জানাতে হবে—গত এক সপ্তাহে তাঁরা হত্যাকারীদের গ্রেপ্তারে কতটুকু অগ্রগতি করেছেন। জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের পদত্যাগ করতে হবে।”
তিনি আরও বলেন,
সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের আড়ালে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। খুনিদের গ্রেপ্তার ছাড়া কোনো আলোচনা হবে না।”
বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন,
দেশে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে। দেশি-বিদেশি অপশক্তি চায় হাদির লড়াই যেন আড়ালে চলে যায়। আমরা সেই সুযোগ দেব না। আমাদের প্রথম ও একমাত্র দাবি—হত্যাকারীদের গ্রেপ্তার।”
তিনি জানান, আগামীকাল বিকেল সোয়া পাঁচটার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না এলে আবারও শাহবাগে কর্মসূচি পালন করা হবে।
সমাবেশ শেষ হওয়ার পরও কিছু সময় বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করেন। সন্ধ্যা ছয়টার দিকে তারা সরে গেলে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়।