নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুর
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫
লক্ষ্মীপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বসতঘরে পরিকল্পিতভাবে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন ওই বিএনপি নেতা ও তার আরও দুই কন্যা। নিহত শিশুটি বিএনপি নেতা বেলাল হোসেনের সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তার।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতার গোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা বেলাল হোসেনের বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার সময় বেলাল হোসেন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আয়েশা আক্তার। এ সময় বেলাল হোসেন ও তার অপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে দরজা ভেঙে তাদের উদ্ধার করেন এবং দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনের শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। আহত বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি সুতার গোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা করেন। তার বসতঘরটি বাজারের পশ্চিম পাশে অবস্থিত বলে স্থানীয়রা জানিয়েছেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে এক শিশুর মরদেহ এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরও তিনজন দগ্ধ হয়েছেন। এটি পরিকল্পিত নাশকতা কি না, সে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।