রিপোর্ট ঢাকা প্রতিনিধি কামরুল ইসলাম
ঢাকায় নির্বাচনী প্রচারণায় হামলা
প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩
রাজধানীতে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী শরিফ ওসমান হাদি। শুক্রবার দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে কোমায় চিকিৎসাধীন আছেন।
কিভাবে গুলিবিদ্ধ হলেন?
প্রত্যক্ষদর্শী ও দলীয় কর্মীদের বরাতে জানা যায়, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন অস্ত্রধারী আসে। হঠাৎ একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিটি তার মাথায় লাগে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত এলাকা ছাড়ে।
গুরুতর আহত অবস্থায় তাকে সঙ্গে থাকা কর্মীরা উদ্ধার করে ২টা ৩৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকের সর্বশেষ অবস্থা
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন,
ওসমান বিন হাদী বর্তমানে কোমায় আছেন। মাথায় গুলিবিদ্ধ হওয়ায় অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
হাদির সহকর্মীরা জানিয়েছেন, তার জন্য বি-নেগেটিভ (B-) রক্তের জরুরি প্রয়োজন।
পুলিশের বক্তব্য
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক ঘটনাটি নিশ্চিত করে বলেন,
“গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি।”
ডিএমপির মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন,
প্রাথমিকভাবে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। আমাদের টিম মাঠে গেছে। নিশ্চিত তথ্য পেলে জানানো হবে।”
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন,
তিনটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসেছিল। তাদের একজন হাদিকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।”
সম্প্রতি হুমকির অভিযোগ করেছিলেন হাদি
গত নভেম্বর মাসে দেশি-বিদেশি প্রায় ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে দাবি করেন শরিফ ওসমান হাদি। ১৪ নভেম্বর নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, তাকে এবং তার পরিবারকে হত্যার, বাড়িতে আগুন লাগানোর, এমনকি তার মা–বোনকে ধর্ষণের ভয়ানক হুমকিও দেওয়া হয়েছে।
বর্তমানে তিনি ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন, অবস্থা আশঙ্কাজনক।